নেতানিয়াহুকে 'পাগল' সম্বোধনে স্বীকারোক্তি ট্রাম্পের, ওয়াশিংটনের তেহরান-বৈরুত কূটনীতিতে নয়া সংকট?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:০২ পিএম
সাম্প্রতিক এক ফোনকলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি— রাগবশত নয়, বরং বিরক্তির কারণেই এই বিশেষণ ব্যবহার করেছিলেন তিনি। খবর, রয়টার্সের।
বুধবার (৩ জুন) ‘পোড ফোর্স ওয়ান’ পডকাস্ট শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে এই মতবিরোধে জড়িয়ে পড়ার পর ট্রাম্প মূলত এমন এক পরিস্থিতিতে পড়েছেন, যেখানে ইসরায়েলের প্রত্যক্ষ উপস্থিতি উপেক্ষা না করে যুক্তরাষ্ট্রের ইরান-লেবানন কূটনীতিকে সংকটে ফেলেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'হ্যাঁ, আমি তাকে পাগল বলেছিলাম। তবে রাগতভাবে বলিনি। তিনি ইসরায়েলি বাহিনীকে লেবাননে টানা অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, এতে আমি তার প্রতি খানিকটা বিরক্ত ছিলাম। আসলে আমি তাকে এটাই বলতে চেয়েছিলাম যে, আমাদের এটা থামানো উচিত।'
ট্রাম্প গত সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ব্যাপক ক্ষুব্ধ হয়ে বলেন, 'আপনি একটা জঘন্য পাগল। যদি আমি না থাকতাম, তাহলে এতদিনে আপনি জেলে পচতেন। আমি আপনকে বাঁচিয়েছি। সবাই এখন আপনাকে ঘৃণা করে এবং শুধু আপনার কারণে ইসরায়েলকেও ঘৃণা করে।'
এ ঘটনার পর মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, এ ফোনকলের কারণে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
নেতানিয়াহু বলেন, 'আমাদের লক্ষ্য এক। মাঝে মাঝে কিছু বিষয়ে আমাদের মতবিরোধ হয়, এমন মতবিরোধ অনেক দৃঢ় বন্ধনের পরিবারের মধ্যেও হয়ে থাকে। ওয়াইট হাউসে এ পর্যন্ত যারা ক্ষমতাসীন হয়েছেন, তাদের মধ্যে তিনি (ট্রাম্প) ইসরায়েলের সবচেয়ে মহান বন্ধু। তিনি আমাকে সম্মান করেন, আমিও তাকে সম্মান করি এবং আমাদের নিজ নিজ মতপার্থক্যগুলো পাশ কাটিয়ে আমরা কাজ করতে পারি।'
ইরানে হামলার ব্যাপারে নেতানিয়াহু ‘কলকাঠি নেড়েছিলেন কিনা’— সে সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল পডকাস্ট শো-তে। এ প্রশ্নে খানিকটা ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বলেন, 'মানে? আমিই তো এটা শুরু করেছি। আমি সংঘাত শুরু করেছি কারণ আমরা তাদের পরমাণু অস্ত্রের অধিকারী হতে দিতে পারি না। এখন অবশ্য এর সঙ্গে ইসরায়েলও জড়িয়ে পড়েছে; কারণ ইরান পরমাণু অস্ত্র বানালে তারাই প্রথম আক্রান্ত হতো এবং ইসরায়েল বলে কিছু থাকতো। সত্যি বলছি, যদি আমি না থাকতাম— তাহলে এ পৃথিবী থেকে ইসরায়েলের নাম মুছে যেতো।'
উল্লেখ্য, গত মে মাসে ওয়াশিংটানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে লেবানন ও ইসরায়েল। তবে, চুক্তি স্বাক্ষরের পরও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে লেবাননে অভিযান অব্যাহত রাখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। যার প্রেক্ষাপটে সেই ফোনকলের 'পাগল' ইস্যুর আবির্ভাব, কারণ ট্রাম্পের ইচ্ছের সঙ্গে নেতানিয়াহুর কার্যবিধি যেন বিপরীতমুখী হয়ে চলছিল।
/এএইচআর