মৃত ভেবে শেষকৃত্য শুরু, ৬ দিন পর জীবিত ফিরলেন এভারেস্ট গাইড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:০২ পিএম
নেপালের মাউন্ট এভারেস্টে ছয়দিন ধরে নিখোঁজ থাকার পর পরিবার যখন মৃত ভেবে শেষকৃত্যের আয়োজন শুরু করে, তখনই তারা জানতে পারেন এভারেস্ট গাইড দাওয়া শেরপা জীবিত আছেন এবং তাকে হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের দিকে নামতে দেখা গেছে। খবর আল-জাজিরার।
পর্বতারোহীদের সংগঠন ৮কে এক্সপেডিশনের পেম্বা শেরপা বলেন, বৃহস্পতিবার (৪ জুন) দাওয়া শেরপাকে একটি পরিষ্কারকারী দল আইসফলের আশপাশের বরফাচ্ছন্ন ঢাল বেয়ে হামাগুড়ি দিয়ে নিচে নামতে দেখেন। সে সময় ৫২ বছর বয়সী দাওয়াকে দ্রুত নিচে নামিয়ে খাবার ও পানি দেওয়া হয়। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাকে রাজধানী কাঠমান্ডুর হ্যামস হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, তার স্ত্রী ও মেয়ে তাকে মৃত ভেবে ইতোমধ্যেই শেষকৃত্যের আয়োজন শুরু করেছিলেন।
দাওয়া শেরপার স্ত্রী দামু শেরপা বলেন, আমরা প্রথমে স্থানীয় সংবাদে শুনি যে তিনি জীবিত আছেন। এরপর পরিচিত একজন ফোন করে জানায় যে তাকে নিচে আনা হচ্ছে।
দাওয়ার মেয়ে মেন্ডো লহামু শেরপা জানায়, তারা তখন কয়েকদিন ধরে শেষকৃত্যের আচার পালন করছিলেন।
তিনি আরও বলেন, প্রথমে আমরা নিশ্চিত হতে পারিনি যে উদ্ধার হওয়া ব্যক্তি সত্যিই আমার বাবা কি না। তাই আমরা ছবি পাঠাতে বলি, এরপর নিশ্চিত হয়ে আমরা খুবই খুশি হই।
এর আগে, দাওয়া শেরপাকে সর্বশেষ গত ২৯ মে পাহাড় থেকে নামতে দেখা যায়। তার সঙ্গে থাকা একজন পোলিশ পর্বতারোহী বেস ক্যাম্পে পৌঁছালেও দাওয়া সেখানে পৌঁছাতে পারেননি। এদিকে, অনুসন্ধান কার্যক্রম শুরুতে বিলম্ব হওয়ায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়, এমনকি পাঠানো হেলিকপ্টারও তাকে খুঁজে পায়নি।
উল্লেখ্য, গত মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টে সবচেয়ে ব্যস্ত মৌসুমে এক হাজারের বেশি পর্বতারোহী ও তাদের গাইড শীর্ষে পৌঁছান। এদিকে, চলতি মৌসুমে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
/এএন