জাপানের একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় আকস্মিকভাবে ঢুকে পড়ে তাণ্ডব চালিয়েছে একটি বুনো ভাল্লুক। দেশটির ফুকুশিমা এলাকায় মঙ্গলবারের (২ জুন) এই ঘটনায় কমপক্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।
এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি শিল্প এলাকায় প্রবেশ করে ‘ফুকুশিমা স্টিল ওয়ার্কস’-এর এক কর্মীকে তীব্র গতিতে ধাওয়া করে ভাল্লুকটি। এ সময় ভাল্লুকের আক্রমণে আহত হয়ে মাটিতে পড়ে যান ওই কর্মী। শিল্প এলাকায় তাণ্ডব চালানোর পর পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকাতেও ঢুকে পড়ে প্রাণীটি এবং সেখানেও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়।
আশঙ্কাজনক বিষয় হলো, ভাল্লুকটি এখনো ওই জনবহুল এলাকাটিতেই অবস্থান করছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ভাল্লুকটিকে দেখামাত্র গুলি করার অনুমতি দিয়েছে পুলিশ। একই সঙ্গে সাধারণ নাগরিকদের সুরক্ষায় স্থানীয় স্কুল ও কারখানার যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
/এএ