×
Logo

আন্তর্জাতিক

২০১৩ সালের গণবিক্ষোভের স্মরণে তুরস্কে বিশাল সমাবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:০৫ পিএম

২০১৩ সালের গণবিক্ষোভের স্মরণে তুরস্কে বিশাল সমাবেশ

তুরস্কে ২০১৩ সালের ঐতিহাসিক গণবিক্ষোভে হতাহতদের স্মরণে আয়োজিত একটি বিশাল সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ জুন) দিন গড়ানোর সাথে সাথে শান্তিপূর্ণ স্মরণসভাটি একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

রাজধানী আঙ্কারায় এই স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে ২০১৩ সালের আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ জড়ো হন। তবে একপর্যায়ে সমাবেশ থেকে বর্তমান সরকার বিরোধী তীব্র স্লোগান দেওয়া শুরু হয়। বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের পথরোধ করে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি ব্যাপক টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

উল্লেখ্য, ২০১৩ সালে ইস্তাম্বুলের ঐতিহাসিক গেজি পার্কে একটি শপিং মল নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে পরিবেশবাদীদের হাত ধরে এই আন্দোলন শুরু হয়েছিল। তবে পরবর্তীতে তা তৎকালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানের শাসনের বিরুদ্ধে দেশজুড়ে একটি বিশাল গণবিক্ষোভে পরিণত হয়। সেই সময় বিক্ষোভ দমনে পুলিশের বিতর্কিত ও কঠোর অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরদোগান সরকারের দীর্ঘ শাসনকালের মধ্যে ২০১৩ সালের সেই গণবিক্ষোভকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়।

/এএ 

Logo