লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থগিতের ঘোষণা ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম
ফাইল ছবি
লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ এবং সব ফ্রন্টে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ প্রতিবাদে আমেরিকার সঙ্গে চলমান গোপন বা ‘ব্যাক-চ্যানেল’ আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার (১ জুন) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
তেহরানের এই কঠোর সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬.৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৭.৩৯ ডলারে গিয়ে ঠেকেছে।
উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে আইআরজিসি দাবি করেছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তারা কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এই সংঘাতের ফলে গত ৮ এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতি এবং হরমোজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সব কূটনৈতিক প্রচেষ্টা এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে।
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, হরমোজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ এবং লেবাননে ইসরায়েলি হামলা প্রমাণ করে যে আমেরিকা চুক্তি মানছে না। একই সঙ্গে ইরান স্পষ্ট জানিয়েছে, লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি যেকোনো শান্তি চুক্তির ‘অবিচ্ছেদ্য অংশ’। পরিস্থিতি আরও জটিল করতে ইরান এবার হরমোজ প্রণালি সম্পূর্ণ বন্ধের পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তায় লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব’ প্রণালিও সক্রিয় করার হুমকি দিয়েছে।
/এএ