হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সহায়তায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইরান: পেজেশকিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
ফাইল ছবি
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ ও নির্বিঘ্ন করতে ইরান ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আশ্বস্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সোমবার (১ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানায়।
এর আগে জাপানি প্রধানমন্ত্রী তাকাইচি হরমোজ প্রণালিটি পুনরায় উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানি প্রেসিডেন্টকে আহ্বান জানান। তারই প্রেক্ষিতে দুই নেতার মধ্যকার একটি ফোনালাপে পেজেশকিয়ান এই মন্তব্য করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে পেজেশকিয়ান বলেন, মূল সমস্যাটি তৈরি হয়েছে ইরানি শিপিং ও বাণিজ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা এবং প্রতিবন্ধকতার কারণে।
জাপানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে ইরানি প্রেসিডেন্ট আরও যোগ করেন, আমরা জাপানি জাহাজগুলোর জন্য কোনো ধরনের সমস্যা ছাড়াই আরও সহজে এবং নিরাপদে পারাপারের রুট বা পথ নিশ্চিত করার চেষ্টা করব।
/এএ