পশ্চিমবঙ্গে শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী
কলকাতা করেসপন্ডেন্ট
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠনের এক মাসের মধ্যেই নিজের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন। সোমবার (১ জুন) কলকাতার লোকভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন করে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
এই সম্প্রসারণের ফলে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াল ৪১ জনে। লোকভবনের অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল আর এন রবি। যারা শপথ নিয়েছেন, তাদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেছেন ১৩ জন। বাকিরা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে নতুন দিল্লিতে মন্ত্রিসভার চূড়ান্ত রূপরেখা ও গঠন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতিসহ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় হাই কমান্ডের সবুজ সংকেত মেলার পরপরই আজ দ্রুততার সাথে এই মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া সম্পন্ন করা হলো।
এর আগে, পশ্চিমবঙ্গে নির্বাচনে জয়ের পর শনিবার (৯ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ নতুন ৩৫ জন সদস্য যুক্ত হওয়ার মাধ্যমে রাজ্যে বিজেপির প্রথম সরকারটি পূর্ণাঙ্গ রূপ পেল।
/এএ