×
Logo

আন্তর্জাতিক

নিউইয়র্কে 'ইসরায়েল ডে' প্যারেডে অংশ নিলেন না মেয়র মামদানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

নিউইয়র্কে 'ইসরায়েল ডে' প্যারেডে অংশ নিলেন না মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মমদানি এ বছর বার্ষিক 'ইসরায়েল ডে' প্যারেডে অংশ নেননি। কয়েক দশকের রাজনৈতিক ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো নিউইয়র্ক শহরের কোনো মেয়র এই আয়োজনে অনুপস্থিত থাকলেন।

১৯৬০-এর দশক থেকে প্রতিবছর এই প্যারেড অনুষ্ঠিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর বসবাস নিউইয়র্কে হওয়ায় বরাবরই শহরের মেয়রসহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা এতে অংশ নিতেন।

এ বছর ম্যানহাটনের রাস্তায় হাজারো মানুষ ইসরায়েলি পতাকা ও নীল-সাদা বেলুন নিয়ে প্যারেডে অংশ নেন। অনেককে 'আই লাভ ইসরায়েল' লেখা টি-শার্ট পরতেও দেখা যায়।

তবে মেয়র মামদানি আগে থেকেই জানিয়েছিলেন তিনি এই আয়োজনে থাকবেন না। তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময়ই তিনি অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন এবং ইসরায়েলি সরকারের নীতির বিষয়ে তার অবস্থান স্পষ্ট।

তিনি ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য নিউইয়র্কে বেশ পরিচিত এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে 'মানবাধিকার লঙ্ঘন' হিসেবে সমালোচনা করেছেন। একইসঙ্গে, তিনি হামাসের, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাকে 'ভয়াবহ যুদ্ধাপরাধ' বলেও উল্লেখ করেন।

প্যারেডে অনুপস্থিত থাকলেও মেয়র শহরে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের আশ্বাস দেন, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ প্যারেডে উপস্থিত ছিলেন এবং বলেন, 'মেয়র তার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন।'

মামদানির এই সিদ্ধান্তে ইসরায়েলি রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, এটি ইহুদি জনগোষ্ঠী ও ইসরায়েল সমর্থকদের প্রতি অবমাননাকর।

অন্যদিকে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সিদ্ধান্তকে 'কাপুরুষোচিত' বলে মন্তব্য করেছেন।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে  ইসরায়েলের আগ্রাসী মনোভাবের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউ ইয়র্কের মেয়র মামদানি। 

/এআই 



Logo