×
Logo

আন্তর্জাতিক

মিয়ানমারে খনিজ গুদামে বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৫০ এএম

মিয়ানমারে খনিজ গুদামে বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

মিয়ানমারে একটি গুদামে ভয়াবহ খনিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। রোববার (৩১ মে) স্থানীয় সময়  দুপুর ১২টায় দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যে এ দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির। 

সূত্র জানায়, নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে অনেকেই।  

এলাকাটির নিয়ন্ত্রণকারী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানায়, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপির উদ্ধৃত টিএনএলএর এক বিবৃতিতে বলা হয়, এই বিস্ফোরণের কারণে অনেক স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন। পাশাপাশি তাদের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের বিস্তারিত তথ্য দেয়নি সংগঠনটি।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমারের অনেক বিদ্রোহী গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনার অর্থ সংগ্রহে মূল্যবান খনিজ উত্তোলনের ওপর নির্ভরশীল। তবে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে খনি ধসসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা সেখানে প্রায়ই ঘটে থাকে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে বিশাল একটি গর্ত সৃষ্টি হয়েছে। চারপাশে ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ভবন, পোড়া ধ্বংসাবশেষ এবং মোচড়ানো গাছপালা ছড়িয়ে রয়েছে। 

একজন স্থানীয় বাসিন্দা জানায়, প্রথমে অনেকেই ধারণা করেছিলেন এটি বিমান হামলার কারণে ঘটেছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রায় পুরো একটি গ্রামকে প্রভাবিত করেছে।

/এএন

Logo