ইসরায়েলি হামলায় লেবাননে প্রতিদিন গড়ে ১১ শিশু নিহত বা আহত হচ্ছে: ইউনিসেফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:২৩ পিএম
লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১১ শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
গতকাল শুক্রবার (২৯ মে) জেনেভায় সাংবাদিকদের ইউনিসেফের মুখপাত্র রিকার্দো পিরেস জানান, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাত দিনে, ইসরায়েলি হামলায় ৭৭ শিশু নিহত বা আহত হয়েছে। তাদের অধিকাংশই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার শিকার।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত ১৭ এপ্রিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৫ শিশু নিহত এবং ১২১ শিশু আহত হয়েছে। তবে হিজবুল্লাহ এই যুদ্ধবিরতির অংশ নয়।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য আরও কঠোর হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় হামলার পর বৈরুতেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বৃহস্পতিবার তারা হিজবুল্লাহ'র ১৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এরপর শুক্রবার সকালেই ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ১৯টি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩শ' ৫৫ জন নিহত এবং ১০ হাজার ৯৫ জন আহত হয়েছেন।
/এআই