×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে ছয়টি 'কেসি-৪৬' মিড এয়ার রিফুয়েলিং এয়ারক্র্যাফট পেয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

যুক্তরাষ্ট্র থেকে ছয়টি 'কেসি-৪৬' মিড এয়ার রিফুয়েলিং এয়ারক্র্যাফট পেয়েছে ইসরায়েল

যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক 'কেসি-৪৬' মিড এয়ার রিফুয়েলিং বিমান পেয়েছে ইসরায়েল। আইডিএফ বলছে, ভবিষ্যতে ইরানসহ দূরবর্তী লক্ষ্যবস্তুতে স্বাধীনভাবে হামলা চালানোর সক্ষমতা আরও বাড়াবে এই বিমান।

বুধবার আইডিএফ জানায়, দীর্ঘ অপেক্ষার পর অন্তত ছয়টি কেসি-৪৬ বিমানের প্রথমটি ইসরাইলের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বিমানবাহিনীতে এটির নাম দেয়া হয়েছে ‘গিডিয়ন’।

আইডিএফের তথ্যমতে, কেসি-৪৬ একসঙ্গে আগের ‘রাআম’ বিমানের তুলনায় ১৫ শতাংশ বেশি জ্বালানি বহন করতে পারে। এছাড়া প্রতি ফ্লাইটে দ্বিগুণ সক্ষমতায় এই এয়ারক্র্যাফটের মাধ্যমে যুদ্ধবিমানগুলোতে আকাশেই জ্বালানি সরবরাহ করা সম্ভব।

আইডিএফের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক ইরান যুদ্ধের সময় এই বিমান হাতে থাকলে ইসরায়েলের বিমানবাহিনীর অভিযান সক্ষমতা অনেক বেড়ে যেত। মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে দীর্ঘ সময় অভিযান পরিচালনায় এটি বড় সুবিধা দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সরাসরি সহযোগিতা না করলেও ইরান, ইয়েমেনের হুটি গোষ্ঠী কিংবা অন্য দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইসরায়েলকে আরও স্বাধীনতা দেবে এই 'কেসি-৪৬'।

বর্তমানে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আকাশে সীমিত পরিসরে জ্বালানি নিতে সক্ষম। নতুন এই এয়ারক্র্যাফট যুক্ত হওয়ায় 'এফ-৩৫', 'এফ-১৫' ও 'এফ-১৬' যুদ্ধবিমানের দীর্ঘপাল্লার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কেসি-৪৬ বিমানে ইসরায়েলি প্রযুক্তি ও অপারেশনাল ব্যবস্থা যুক্ত করা হবে। এর মাধ্যমে দীর্ঘপাল্লার অভিযান এবং আকাশে আধিপত্য বজায় রাখার সক্ষমতা আরও শক্তিশালী হবে।

বোয়িং নির্মিত এই বিমান টানা ১৬ ঘণ্টা উড়তে পারে। অন্য বিমান থেকে জ্বালানি নিলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম। এছাড়া এতে রয়েছে সেনা পরিবহন ও মেডিকেল উদ্ধার অভিযানের সুবিধাও।

/এআই 

Logo