ট্রাম্পের হরমুজ চুক্তির খবর নাকচ করার পর ইরানে আবারও মার্কিন হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:৫৩ এএম
হরমুজ প্রণালি ঘিরে সম্ভাব্য সমঝোতার খবর নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে মার্কিন হামলার খবর পাওয়া গেছে, যা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এর আগে, মন্ত্রিসভার এক বৈঠকে সাংবাদিকদের উপস্থিতিতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কোনো একক দেশের হাতে থাকবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যে খসড়া সমঝোতার কথা বলেছে, তা তিনি কার্যত প্রত্যাখ্যান করেন।
বুধবার (২৭ মে) ইরানের রাষ্ট্রীয় টিভি দাবি করেছিল, একটি অনানুষ্ঠানিক সমঝোতা কাঠামোর আওতায় এক মাসের মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং ওমানের সহযোগিতায় ইরান সেখানে নৌ চলাচল ব্যবস্থাপনা করবে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, কেউ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে না। এটি আন্তর্জাতিক জলসীমা। একই সঙ্গে তিনি ওমানকে নিয়েও কঠোর মন্তব্য করে বলেন, ওমান অন্য সবার মতো আচরণ করবে, না হলে আমাদের ব্যবস্থা নিতে হবে।
তবে হোয়াইট হাউস ও ওয়াশিংটনের ওমান দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) ভোরে কয়েক মিনিটের জন্য দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এর আগে সোমবার দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন পেতে রাখা নৌযান লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলাকে আত্মরক্ষামূলক বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ট্রাম্পের হুমকিমূলক বক্তব্য ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, হরমুজ প্রণালিতে কর্তৃত্ব এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি থেকে সরাতে পারবে না।
তিনি বলেন, ট্রাম্প একদিকে হুমকি দিচ্ছেন, অন্যদিকে সমঝোতার আহ্বান জানাচ্ছেন। এটি কৌশলগত অচলাবস্থা থেকে বের হওয়ার চেষ্টা।”
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন তিন মাসে গড়িয়েছে। এতে হাজারো মানুষ নিহত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বেড়েছে।
/এনএ