×
Logo

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় মাদক পাচারকারী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:০৭ পিএম

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় মাদক পাচারকারী নিহত

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একটি স্পিডবোটকে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত একজন নিহত এবং দুইজন বেঁচে গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। 

বুধবার (২৭ মে) মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে।

মার্কিন সাউদার্ন কমান্ডের ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের স্পিডবোট পানির ওপর দিয়ে তীব্র গতিতে ছুটে যাওয়ার সময় হঠাৎ মার্কিন বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র সরাসরি সেটিতে আঘাত হানে এবং মুহূর্তের মধ্যে পুরো নৌযানটি আগুনে দাউদাউ করে জ্বলে ওঠে।

সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই জীবিত দুই আরোহীকে উদ্ধারের জন্য মার্কিন কোস্টগার্ডের ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ টিমকে সক্রিয় করা হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ এর অধীনে ল্যাটিন আমেরিকার ড্রাগ কার্টেল বা মাদক চক্রগুলোকে নির্মূল করার এই সামরিক অভিযানটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়। 

আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর এই ধরনের সিরিজ হামলায় এ পর্যন্ত অন্তত ১৯৪ জন নিহত হয়েছেন। 

/এএ 

Logo