×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া সমঝোতা

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার কথা বলছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:১৬ পিএম

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার কথা বলছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে একটি অনানুষ্ঠানিক সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া কাঠামো হাতে পেয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই খসড়া চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার কথা উল্লেখ রয়েছে।

বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

ইরানের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় এক মাসের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধার করবে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশ থেকে সামরিক উপস্থিতি কমাবে এবং নৌ অবরোধ প্রত্যাহার করবে।

তবে, খসড়া কাঠামোয় সামরিক জাহাজ অন্তর্ভুক্ত নয়। এতে ওমানের সহযোগিতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব ইরান পালন করবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরান জানিয়েছে, চূড়ান্ত সমঝোতা ও বাস্তব যাচাই ছাড়া তারা কোনো ধরনের পদক্ষেপ নেবে না। এছাড়া ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হলে সেটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাব হিসেবে অনুমোদনের সম্ভাবনাও রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল উত্তেজনা তীব্র আকার ধারণ করলে যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ব্যাহত হয় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়।

এরপর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। এই আলোচনায় মধ্যস্থতাকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান।

/এনএ 

Logo