গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সামরিক শাখার নতুন প্রধান নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৪:৪৭ পিএম
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ। স্থানীয় চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৬ মে) রাতে চালানো এই হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। খবর, বিবিসির।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কয়েক মাস ধরে নজরদারির পর গাজা সিটির একটি ভবনে ওদেহের অবস্থান শনাক্ত করে হামলা চালানো হয়। এছাড়া হামলা চালানো ভবনটি ওদেহের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলেও দাবি তাদের।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি হামাস। তবে হামাসের স্থানীয় একটি সূত্র ও নিহতের স্বজনরা জানিয়েছেন, হামলায় মোহাম্মদ ওদেহ, তার স্ত্রী এবং তাদের প্রাপ্তবয়স্ক ছেলে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা সিটির ব্যস্ত বাজার এলাকার আল-কায়ালি ভবনের ওপর প্রায় একই সময়ে বিভিন্ন দিক থেকে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ওই এলাকায় কেনাকাটায় মানুষের ভিড় ছিল।
হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ভবনের ওপরের তলাগুলোতে পৌঁছাতে ব্যাপক বেগ পেতে হয় তাদের। এছাড়া হামলার আগে এলাকায় একটি হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলায় অংশ নেওয়া হামাস সদস্যদের সঙ্গেও ওদেহের যোগাযোগ ছিল। সেই নেটওয়ার্কের সদস্যদের লক্ষ্য করেও পৃথক হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের।
উল্লেখ্য, গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রায় প্রতিদিনই হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে গাজায়।
/এনএ