লেবাননে আরও বড় অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইদিনে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও জোরদার করা হচ্ছে। তার দাবি, ইসরায়েলি সেনারা বর্তমানে লেবাননের ভেতরে বড় পরিসরে অভিযান চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির সময়েও ইসরায়েলি বাহিনী শত শত হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, লেবাননের অভ্যন্তরে তথাকথিত 'নিরাপত্তা অঞ্চল' কিংবা 'ইয়োলো জোন' শক্তিশালী করতে ইসরায়েলি সেনারা বিভিন্ন এলাকা দখল ও নিয়ন্ত্রণে রাখছে।
/এআই
হিজবুল্লাহর ড্রোন হামলা মোকাবিলায় বড় ধরনের জাতীয় প্রচেষ্টা চালানোর কথাও জানিয়েছেন নেতানিয়াহু। তার ভাষ্য, সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর ড্রোন ইসরাইলের উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
বিশেষ করে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রিত ফার্স্ট-পার্সন ভিউ বা এফপিভি ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ, যা ইসরাইলি বাহিনীর জন্য প্রাণঘাতী প্রমাণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, “হিজবুল্লাহর বিরুদ্ধে এক মুহূর্তের জন্যও লড়াই থামবে না। ইসরাইলি নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আরও অনেক কিছু বাকি আছে।”