×
Logo

আন্তর্জাতিক

রয়টার্স এক্সক্লুসিভ

ইরান যুদ্ধের মধ্যে স্টারলিংকের দাম বৃদ্ধি নিয়ে স্পেসএক্স–পেন্টাগন টানাপোড়েন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০১:৪৬ এএম

ইরান যুদ্ধের মধ্যে স্টারলিংকের দাম বৃদ্ধি নিয়ে স্পেসএক্স–পেন্টাগন টানাপোড়েন

স্টারলিংক সেবার মূল্য ও ব্যবহার নিয়ে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এবং ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের মধ্যে। যুদ্ধ পরিস্থিতিতে ড্রোন ও সামরিক যোগাযোগ ব্যবস্থায় স্টারলিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও, এর খরচ ও ব্যবহারের শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে।

মঙ্গলবার (২৬ মে) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

এতে বলা হয়, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময় মার্কিন সামরিক বাহিনী স্টারলিংক ব্যবহার করে ড্রোন পরিচালনা, যোগাযোগ এবং লক্ষ্য নির্ধারণে সহায়তা পাচ্ছে। বিশেষ করে কামিকাজি ড্রোন এবং সামুদ্রিক নজরদারি ব্যবস্থায় এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

তবে স্পেসএক্সের দাবি, সামরিক বাহিনী যে স্তরের সেবা ব্যবহার করছে তার তুলনায় তারা অনেক কম অর্থ দিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে প্রতি টার্মিনালের জন্য যে অর্থ নেওয়া হচ্ছে, তা উন্নতমানের সেবার তুলনায় কম। অন্যদিকে পেন্টাগন বলছে, এত উচ্চমূল্য বিশেষ করে স্বল্প সময়ের ড্রোন অপারেশনের ক্ষেত্রে যৌক্তিক নয়।

বিতর্ক আরও বাড়ে যখন জানা যায়, পেন্টাগন ড্রোন ও সামরিক ইউনিটে স্টারলিংক ব্যবহারের জন্য নতুন করে প্রায় দ্বিগুণ খরচ দিতে সম্মত হয়। তবে এরপরও দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, স্টারলিংক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কগুলোর একটি, যার মাধ্যমে দূরবর্তী যুদ্ধক্ষেত্রে যোগাযোগ বজায় রাখা সম্ভব হচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর থেকেই এই প্রযুক্তি আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

রিপোর্টে আরও বলা হয়, শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ইরানের ভেতরেও নাগরিকদের ইন্টারনেট সংযোগ বজায় রাখতে স্টারলিংক টার্মিনাল ব্যবহারের চেষ্টা হয়েছে। তবে ইরান কর্তৃপক্ষ এসব ডিভাইস জব্দ ও জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে তা বাধাগ্রস্ত করেছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে আধুনিক যুদ্ধ এখন শুধু অস্ত্রের নয়, বরং স্যাটেলাইট ও ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণের ওপরও অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে স্পেসএক্সের মতো বেসরকারি কোম্পানির ওপর পেন্টাগনের নির্ভরতা ভবিষ্যতে কৌশলগত ঝুঁকিও তৈরি করতে পারে।

অবশ্য রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পর ইলন মাস্ক তার এক্স (টুইটার) হ্যান্ডেলে এটিকে মিথ্যা বলে দাবি করেছেন এবং ড্রোনে স্টারলিংকের ব্যবহারকে বাণিজ্যিক শর্তাবলীর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলও রয়টার্সের প্রতিবেদনকে ভুল আখ্যা দিয়ে বলেছেন যে স্পেসএক্স তাদের একটি শক্তিশালী অংশীদার।

তবে প্রতিরক্ষা দফতরের অভ্যন্তরীণ নথি বলছে, পেন্টাগন ক্ষুব্ধ হলেও নিরুপায় হয়ে বর্তমানে আরও ৩,৫০০টি ‘স্টারশিল্ড’ (স্টারলিংকের সামরিক সংস্করণ) টার্মিনাল কেনার প্রক্রিয়া চালাচ্ছে, যার মধ্যে ১০০টি থাকবে এই নতুন চড়া মূল্যের এভিয়েশন ক্যাটাগরির।

/এনএ 

Logo