×
Logo

আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো ‘নিরাপদ আশ্রয়’ থাকবে না: ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:৪৫ পিএম

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো ‘নিরাপদ আশ্রয়’ থাকবে না: ইরানের সর্বোচ্চ নেতা

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে বা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য এই অঞ্চলের শক্তিগুলো আর কোনো ‘ঢাল’ হিসেবে কাজ করবে না এবং ওয়াশিংটনের জন্য এখানে কোনো ‘নিরাপদ আশ্রয়স্থল’ থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। 

মঙ্গলবার (২৬ মে) তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গত তিন মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন দুই পক্ষ একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা বা খসড়া নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এমন শক্ত অবস্থান ও বার্তা এল।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত মার্চ মাসে তার ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর আয়াতুল্লাহ মোজতবা খামেনি এখন পর্যন্ত একবারের জন্যও জনসম্মুখে আসেননি। মূলত কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য থেকে ডিজিটাল মাধ্যম ও বার্তার সাহায্যেই তিনি নিজের সিদ্ধান্তগুলো প্রকাশ করছেন বলে জানা যায় তার বিবৃতিতে। 

/এএ

Logo