বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ: গিনেস রেকর্ড থাই অধ্যাপকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৩:২৮ পিএম
সাধারণ কোনো সমতল ভূমি বা রানওয়ে নয়, পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় প্যারাস্যুট নিয়ে অবতরণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লিখিয়েছেন থাইল্যান্ডের তানাবোওর্ন সিরিকুনাকর্নকুন। দুঃসাহসী এই কীর্তির জন্য ৪৮ বছর বয়সী এই স্কাইডাইভার আন্তর্জাতিক মহলে ‘সুপার টুম’ নামেও পরিচিত। তিনি একাধারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং থাই সংসদের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ ‘সুপার টুম’ চিলির বিখ্যাত আগ্নেয়গিরি ওহোস দেল সালাদোর চূড়ায় সফলভাবে অবতরণ করেন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৪৪২ মিটার (১৭ হাজার ৮৫৪ ফুট) উঁচুতে অবস্থিত। এর মাধ্যমেই তিনি ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় স্কাইডাইভ বা প্যারাস্যুটে অবতরণের নতুন বিশ্ব রেকর্ডটি নিজের নামে করে নেন। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় অবস্থিত এই ওহোস দেল সালাদো বিশ্বের বুকে সর্বোচ্চ উঁচুতে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি।
‘সুপার টুম’ প্যারাস্যুট নিয়ে যে উচ্চতা থেকে লাফিয়ে নেমেছেন, সাধারণত অধিকাংশ বাণিজ্যিক টার্বোপ্রপ উড়োজাহাজ তার চেয়েও কম উচ্চতা দিয়ে আকাশে ওড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে লাফানোর কারণে সিরিকুনাকর্নকুনকে প্রচণ্ড হিমশীতল বাতাস, বৈরী আবহাওয়া এবং অতি উচ্চতার চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে অত উঁচুতে বাতাসে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম থাকায় এই মিশনটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর আগে এই ক্যাটাগরিতে সবচেয়ে উঁচুতে নামার পূর্ববর্তী রেকর্ডটি হয়েছিল ২০২৩ সালে।
সিরিকুনাকর্নকুন বলেন, আকাশ থেকে চারপাশের দৃশ্য ছিল অবিশ্বাস্যরকম সুন্দর। আমি আমার জীবনে আগে কখনো এমন কোনো দৃশ্য দেখিনি। এটি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। বিভিন্ন খনিজের উপস্থিতির কারণে সেখানকার পর্বত ও পাথরে অনেক রঙের সমারোহ ঘটেছে, যার ফলে দূর থেকে আগ্নেয়গিরিটিকে দেখতে পুরো রংধনুর মতো লাগছিল।
বিস্ময়কর বিষয় হলো, মাত্র দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সাল থেকে সিরিকুনাকর্নকুন আনুষ্ঠানিকভাবে স্কাইডাইভিং শুরু করেন। তবে এই স্বল্প সময়ের মধ্যেই তিনি ১ হাজার ২৫০ বারেরও বেশি আকাশ থেকে লাফ দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। গিনেস রেকর্ড গড়া প্রসঙ্গে তিনি জানান, তিনি চেয়েছিলেন এই অনন্য কীর্তির মাধ্যমে বিশ্বের মানুষ থাইল্যান্ডকে নতুন করে চিনুক এবং তার দেশের নাগরিকেরা আন্তর্জাতিক মঞ্চে গর্ব অনুভব করুক।
/এএ