কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ৯শ’ ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০২:১১ পিএম
সংঘাত-কবলিত মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটিতে ইবোলায় আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ইতিমধ্যে ৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে জানা যায়, রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডব্লিউএইচও প্রধান এই তথ্য প্রকাশ করেন।
টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানান, ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এবং এর বিস্তার রোধে নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করার পর এখন পর্যন্ত ৯০০-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ১০১ জনের শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার (২৩ মে) কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক নিয়মিত বুলেটিনে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ তীব্র মানবিক সংকট ও চলমান সংঘাতের মধ্যেই মধ্য আফ্রিকার এই দেশটির তিনটি প্রদেশে অন্তত ৮৬৭ জন সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হয়েছিল, যার মধ্যে ২০৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ১৫ মে ডিআর কঙ্গোর সরকার দেশটিতে আনুষ্ঠানিকভাবে নতুন করে ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এবারের সংক্রমণটি মূলত ‘বুন্ডিবুগিও’ নামের একটি বিরল ও মারাত্মক ধরনের ইবোলা স্ট্রেন থেকে ছড়াচ্ছে। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ভাইরাসের এই নির্দিষ্ট ধরনটির বিরুদ্ধে প্রতিরোধী কোনো অনুমোদিত টিকা বা কার্যকর সুনির্দিষ্ট চিকিৎসা এখন পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে আবিষ্কৃত হয়নি।
চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ইবোলা একটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থ (যেমন- রক্ত, লালা বা ঘাম) সরাসরি সুস্থ কোনো মানুষের সংস্পর্শে আসলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে রোগীর তীব্র অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যাওয়ার মতো মারাত্মক উপসর্গ দেখা দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত অর্ধশতাব্দীতে আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বিভিন্ন প্রাদুর্ভাবে সব মিলিয়ে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
/এএ