×
Logo

আন্তর্জাতিক

তীব্র গরমে হাজিদের সুরক্ষা

মক্কা ও পবিত্র স্থানগুলোর আবাসনে বিশেষ মেডিকেল ক্লিনিক স্থাপন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:৩২ পিএম

মক্কা ও পবিত্র স্থানগুলোর আবাসনে বিশেষ মেডিকেল ক্লিনিক স্থাপন

পবিত্র হজকে সামনে রেখে তীব্র গরম থেকে হজযাত্রীদের সুরক্ষা এবং চিকিৎসাসেবা জোরদার করেছে সৌদি আরব। মক্কা ও পবিত্র স্থানগুলোর আবাসন কেন্দ্রে উন্নত জরুরি ও রোগ নির্ণয় সরঞ্জামসমৃদ্ধ বিশেষায়িত মেডিকেল ক্লিনিক স্থাপন করা হয়েছে। যোগ্য চিকিৎসাকর্মীদের মাধ্যমে পরিচালিত এসব ক্লিনিক ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। খবর আরব নিউজের।

এসপিএ জানায়, মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে 

এদিকে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রীদের নিয়মিত ছাতা ব্যবহারের আহ্বান জানিয়েছে। তারা জানায়, ছাতা ব্যবহার করলে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমে যায়, বিশেষ করে পবিত্র স্থানগুলোর মধ্যে চলাচলের সময়। ছাতা শুধু ছায়াই দেয় না, এটি আশপাশের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সহায়তা করে এবং হজের আনুষ্ঠানিকতা পালনের সময় শারীরিক চাপও কমায়।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, মদিনা, মক্কা ও পবিত্র স্থানগুলোর সংযোগ সড়কে আবহাওয়া স্থিতিশীল থাকলেও দিনের বেলায় তীব্র গরম থাকবে। 

পূর্বাভাসে আরও বলা হয়, মক্কায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। একইসঙ্গে আর্দ্রতার মাত্রা ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে এবং খোলা এলাকাগুলোতে ধূলিঝড় সৃষ্টিকারী বাতাস বইতে পারে।

আবহাওয়া কর্তৃপক্ষ হজযাত্রী ও ভ্রমণকারীদের যাত্রার আগে যানবাহন পরীক্ষা করার, নিরাপত্তা নির্দেশনা মেনে চলার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে।

অপরদিকে, সৌদি ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয় জানায়, বাদশাহর বিশেষ হজ, ওমরাহ ও জিয়ারত কর্মসূচির আওতায় ১০৪টি দেশের ২ হাজার ৫০০ হজযাত্রীর আবাসন ও চিকিৎসাসেবা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চলতি বছর প্রায় ১৬ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশকে ঘিরে জননিরাপত্তা ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

/এএন

Logo