ভারতে 'ককরোচ জনতা পার্টি' দেখে পাকিস্তানে আত্মপ্রকাশ ‘ককরোচ আওয়ামী পার্টি’র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:৫১ পিএম
ডিজিটাল দুনিয়ায় রাজনৈতিক রসাত্মক-ব্যঙ্গাত্মক প্রচারণায় নতুন ট্রেন্ড যোগ করেছে দক্ষিণ এশিয়ার জেন-জি প্রজন্ম। ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামক একটি কাল্পনিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় তোলার পর, এবার সেই একই আদলে পাকিস্তানেও আত্মপ্রকাশ করেছে ‘ককরোচ আওয়ামী পার্টি’ এবং ‘ককরোচ আওয়ামী লীগ’।
মূলত, সমসাময়িক রাজনীতি ও মূলধারার রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডকে ব্যঙ্গ করতেই পাকিস্তানি তরুণরা ইনস্টাগ্রাম ও এক্সে এই ধরনের পেজ বা অ্যাকাউন্টগুলো চালু করেছে। ইনস্টাগ্রামের একটি হ্যান্ডেলে নিজেদের বায়োতে তারা ভারতীয় পেজটি নকল করার বিষয়টি অকপটে স্বীকারও করেছে।
সেখানে লেখা রয়েছে, নকল করলেও কিছু যায় আসে না, কারণ আমাদের লক্ষ্য ও টার্গেট একই। এই ব্যঙ্গাত্মক দলগুলো মজাদার সব কনটেন্ট শেয়ার করে নিজেদের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র মতো মূলধারার রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে দাবি করছে। অদ্ভুত ও বৈচিত্র্যময় সব স্লোগান নিয়ে এক্স হ্যান্ডেলেও এসব অ্যাকাউন্টের বেশ ভালোই উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে, এই ট্রেন্ডের মূল অনুপ্রেরণা ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে। পেজটি হ্যাক হওয়ার পর এর অ্যাডমিন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সরাসরি দায়ী করেছেন।
অ্যাডমিনের দাবি, তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও রাজনৈতিক ব্যঙ্গ সহ্য করতে না পেরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাইটটি হ্যাক করা হয়েছে। ইন্টারনেট দুনিয়ায় তরুণদের এমন রাজনৈতিক স্যাটায়ার বা রসাত্মক প্রতিবাদ এখন দক্ষিণ এশিয়ার নেটপাড়ায় অন্যতম প্রধান আলোচনার খোরাক জোগাচ্ছে।
/এএ