ব্লুমবার্গের প্রতিবেদন
ইরানের হামলায় অন্তত ২০ শতাংশ মার্কিন রিপার ড্রোন ধ্বংস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:১৬ পিএম
ইরানের সাম্প্রতিক হামলায় বহুল আলোচিত মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে, যা যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে থাকা এই অত্যাধুনিক মানববিহীন আকাশযানের মোট বহরের প্রায় ২০ শতাংশ।
শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় মার্কিন ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ড্রোন বহরের অন্তত ২০ শতাংশ ধ্বংস হয়েছে। যা প্রায় ১শ কোটি ডলারের কাছাকাছি।
এছাড়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় আরও কিছু ড্রোন মাটিতেই ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়ে থাকতে পারে। এ সংখ্যা চলতি মাসে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা ২৪টির চেয়েও বেশি।
এমকিউ-৯ রিপার মূলত একটি নজরদারি ও আক্রমণ ড্রোন। সাধারণত এটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র বা জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন গাইডেড বোমা বহন করতে পারে। প্রতিটি ড্রোনের মূল্য আনুমানিক ১৬ থেকে ৩০ মিলিয়ন ডলার।
এর আগে গত মে মাসে পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মোট ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এমকিউ-৯ রিপার ড্রোনের ব্যবহার বন্ধ করছে, তবুও জেনারেল অ্যাটমিকস বিদেশি ক্রেতাদের জন্য এখনো এই ড্রোন উৎপাদন অব্যাহত রেখেছে।
/এএন