×
Logo

আন্তর্জাতিক

মার্কিন গ্রিন কার্ড আবেদনের নতুন নিয়ম প্রযোজ্য হবে যাদের ওপর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৫৭ পিএম

মার্কিন গ্রিন কার্ড আবেদনের নতুন নিয়ম প্রযোজ্য হবে যাদের ওপর

যুক্তরাষ্ট্রে অবস্থানরত যে সকল বিদেশি গ্রিন কার্ড পেতে চান, তাদের নিজ দেশে গিয়ে আবেদন করতে হবে। শুক্রবার (২২ মে) এমনটি ঘোষণা দিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। খবর, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ এই পরিবর্তনকে 'আইনের মূল উদ্দেশ্যের দিকে প্রত্যাবর্তন' এবং আইনি 'ফাঁক বন্ধ করা' হিসেবে বর্ণনা করলেও, এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব নিয়ে সরব হয়েছেন অভিবাসন আইনজীবী ও সাহায্য সংস্থাগুলো।

বাইডেন প্রশাসনের সময় ইউএসসিআইএস-এর সাবেক সিনিয়র উপদেষ্টা ডাগ র‍্যান্ড তীব্র সমালোচনা করে জানান, বর্তমান প্রশাসনের আসল উদ্দেশ্য হলো গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের পথ বন্ধ করে মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ আটকে দেওয়া। 

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে বৈধভাবে বসবাস করেন এমন প্রায় ৬ লক্ষ মানুষ প্রতি বছর গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। নতুন এই সিদ্ধান্তের কারণে এই বিশাল জনগোষ্ঠীর ভবিষ্যৎ শঙ্কায় রয়েছে।

তবে নতুন এই কড়াকড়ি নিয়ে চরম ধোঁয়াশা বজায় রেখেছে ইউএসসিআইএস। সংস্থাটি এখনও স্পষ্ট করে জানায়নি, এই পরিবর্তনটি ঠিক কবে থেকে কার্যকর হবে। পাশাপাশি, আবেদন প্রক্রিয়া চলাকালীন ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে অন্য কোনো দেশে গিয়ে অপেক্ষা করতে হবে কি না তাও জানায়নি সংস্থাটি। এছাড়া যাদের গ্রিন কার্ডের আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তাদের ওপর এই নীতির প্রভাব পড়বে কি না সেটিও জানায়নি ইউএসসিআইএস। 

সমালোচকদের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বহু অভিবাসীর জন্য দেশের ভেতর থেকেই স্ট্যাটাস সমন্বয় করে গ্রিন কার্ড পাওয়ার ব্যবস্থা বহুদিন ধরেই চালু ছিল। তাদের অনেকেই নিজ দেশে ফিরে যেতে পারেন না নিরাপত্তাজনিত কারণে অথবা সেখানে কার্যকর মার্কিন দূতাবাস না থাকায়। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, আফগানিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর থেকে বন্ধ রয়েছে।

আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের সরকারি সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক শেভ দালাল-ধেইনি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বলেছেন, ইউএসসিআইএস কয়েক দশকের স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়াকে বদলে দেওয়ার চেষ্টা করছে।

তার মতে, এই নীতির আওতায় পড়তে পারেন— মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহিত ব্যক্তি, মানবিক সুরক্ষাপ্রাপ্ত অভিবাসী, ওয়ার্কিং ভিসাধারী চিকিৎসক ও পেশাজীবী, শিক্ষার্থী এবং ধর্মীয় ভিসাধারীরা। 

তিনি আরও জানান, অনেক মার্কিন দূতাবাসে ভিসা সাক্ষাৎকারের জন্য এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

/এনএ 

Logo