রাশিয়ার সাথে তাল মিলিয়ে বেলারুশেও পারমাণবিক মহড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:১৫ পিএম
ফাইল ছবি
ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের সাথে চলমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে মিত্র দেশ রাশিয়ার সাথে সমান তালে নিজেদের কৌশলগত পারমাণবিক সক্ষমতার ব্যাপক মহড়া শুরু করেছে প্রতিবেশি বেলারুশ। বুধবার (২০ মে) বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রনালায়ের পক্ষ থেকে এই বিশেষ সামরিক মহড়ার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, প্রকাশিত ভিডিওটিতে বেলারুশের পারমাণবিক বাহিনীকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি নিতে দেখা গেছে। সম্ভাব্য যেকোনো বহিরাগত আগ্রাসন বা হুমকির মুখে কৌশলগত পারমাণবিক অস্ত্র দ্রুত প্রস্তুত করা এবং এর কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েই মূলত সেনাদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) রাশিয়ার মূল মহড়ার সাথে মিলিয়ে বেলারুশ ভূখণ্ডেও শুরু হওয়া এই যৌথ আয়োজনটি মোট তিনদিন ধরে চলবে।
মস্কো ও মিনস্কের এই নজিরবিহীন পারমাণবিক রণপ্রস্তুতিতে দুই দেশের বিমান বাহিনী, স্থলভিত্তিক রকেট বাহিনী এবং উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মোট ৬৪ হাজারেরও বেশি সেনা সদস্য সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। যৌথ এই শক্তির প্রদর্শনীতে দুই দেশের দুইশতটিরও বেশি দূরপাল্লার মিসাইল লঞ্চার, প্রায় দেড়শতটি অত্যাধুনিক যুদ্ধবিমান ও বোমারু বিমান এবং ৭৩টি যুদ্ধজাহাজ ব্যবহার করা হচ্ছে।
এছাড়া সাগরে নিজেদের শক্তি জানান দিতে মোট ১৩টি সাবমেরিন এই মহড়াতে যুক্ত করা হয়েছে, যার মধ্যে ৮টিই হলো আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম কৌশলগত পারমাণবিক সাবমেরিন। একই সাথে সব মিলিয়ে প্রায় ৭ হাজার ৮০০টি সামরিক যান ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র এই যৌথ রণপ্রস্তুতিতে অন্তর্ভুক্ত রয়েছে।
/এএ