কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০৯ পিএম
তিন দশক আগে বিমান ভূপাতিতের ঘটনায় কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মে) প্রকাশিত মামলায় কাস্ত্রো এবং আরও পাঁচজনের বিরুদ্ধে এ অভিযোগের ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির।
১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মাঝ আকাশে দুটি বেসামরিক বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় ৪ জন নিহত হয়, যাদের মধ্যে তিনজন ছিলেন মার্কিন নাগরিক। বর্তমানে ৯৪ বছর বয়সী কাস্ত্রো তখন কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন।
মিয়ামির ফ্রিডম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে বিমান ধ্বংস এবং চারটি পৃথক হত্যার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই নিজেদের নাগরিকদের ভুলে যায় না। এছাড়া, এই অভিযোগগুলো মার্কিন আদালতে বিচারাধীন হবে এবং কয়েকটি অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, কিউবা নিজেদের জলসীমার মধ্যে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। তার দাবি ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও চাপ তৈরির উদ্দেশ্যে নতুন কৌশল।
/এএন