×
Logo

আন্তর্জাতিক

ভিসা ছাড়া পর্যটকদের থাইল্যান্ডে অবস্থানের সময়সীমা কমানোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:১৮ পিএম

ভিসা ছাড়া পর্যটকদের থাইল্যান্ডে অবস্থানের সময়সীমা কমানোর সিদ্ধান্ত

ভিসা ছাড়া বিদেশি পর্যটকদের দেশে অবস্থানের সর্বোচ্চ সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। মঙ্গলবার (১৯ মে) দেশটির মন্ত্রিসভার উচ্চপর্যায়ের এক বৈঠকে এই নতুন নীতিমালার অনুমোদন দেওয়া হয়।

কোভিড মহামারির পর চরম বিপর্যস্ত পর্যটন খাত দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৪ সালে বিশ্বের ৯৩টি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়া থাইল্যান্ডে সর্বোচ্চ ৬০ দিন অবস্থানের একটি বিশেষ সুবিধা চালু করেছিল দেশটির সরকার। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ এবং ইউরোপের শেনজেনভুক্ত ২৯টি দেশ এই দীর্ঘমেয়াদি ভিসামুক্ত সুবিধার আওতাধীন ছিল।

তবে এই সুবিধার অপব্যবহার ঠেকাতেই মূলত সরকার এখন কঠোর অবস্থানে যাচ্ছে। থাইল্যান্ডের সরকারি মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, পূর্বের দেওয়া এই বিশেষ সুবিধার সুযোগ নিয়ে অনেক বিদেশি পর্যটক নিয়মের অপব্যবহার করছেন এবং অননুমোদিত কার্যকলাপে জড়িয়ে পড়ছেন।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কাঠামোয় ভিসামুক্ত অবস্থানের সাধারণ সর্বোচ্চ সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে পুনরায় ৩০ দিনে নামিয়ে আনা হবে। এছাড়া অপরাধপ্রবণতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় কিছু সুনির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এই সুবিধা আরও সংকুচিত করে মাত্র ১৫ দিন করা হবে বলে জানানো হয়েছে। 

/এএ 

Logo