×
Logo

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বিমানবাহিনীতে যুক্ত হলো ৬টি ফরাসি রাফাল যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:০৮ পিএম

ইন্দোনেশিয়ার বিমানবাহিনীতে যুক্ত হলো ৬টি ফরাসি রাফাল যুদ্ধবিমান

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার বিমানবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ছয়টি ফরাসি ‘রাফাল’ যুদ্ধবিমান। সোমবার (১৮ মে) রাজধানী জাকার্তার একটি বিমান ঘাঁটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের পক্ষ থেকে ফাইটার জেটগুলো দেশটির কাছে হস্তান্তর করা হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিজে উপস্থিত থেকে এই অত্যাধুনিক আকাশযানগুলো গ্রহণ করেন। ২০২২ সালে ফ্রান্সের সাথে ইন্দোনেশিয়ার ৮ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে মোট ৪২টি রাফাল জেট কেনার কথা রয়েছে। সেই চুক্তির প্রথম ধাপ হিসেবে চলতি বছরে এই প্রথম দফায় ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান জাকার্তায় এসে পৌঁছাল।

উল্লেখ্য, ফ্রান্সের বিখ্যাত ‘দাঁসো এভিয়েশন’ এর তৈরি রাফাল মূলত ৪.৫ প্রজন্মের একটি বহুমুখী ও শক্তিশালী যুদ্ধবিমান। আকাশে যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম এই ফাইটার জেটটি শব্দের তুলনায় প্রায় এক দশমিক আট গুণ বেশি গতিতে ছুটতে পারে।

এই যুদ্ধবিমানগুলো যুক্ত হওয়ার ফলে ইন্দোনেশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

/এএ 

Logo