জেরুজালেম পোস্ট
ইরানে যুদ্ধ-নিষেধাজ্ঞা-ইন্টারনেট ব্ল্যাকআউটের জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২০ লাখ মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৫০ পিএম
ইরানে যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং দীর্ঘমেয়াদি ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রভাবে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটিতে প্রায় ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ-সম্পর্কিত অস্থিরতা, অবকাঠামোগত ক্ষতি এবং সরকার-নিয়ন্ত্রিত ইন্টারনেট বন্ধের কারণে বিভিন্ন খাতে ব্যাপক ছাঁটাই চলছে। এতে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে।
ইরানের উপ-শ্রমমন্ত্রী গোলাম হোসেইন মোহাম্মাদি জানিয়েছেন, সংঘাতের ফলে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন এবং আরও প্রায় ২০ লাখ মানুষ 'সরাসরি বা পরোক্ষভাবে'[ কর্মহীন হয়ে পড়েছেন।
অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ শুরুর আগেই ইরান একাধিক অর্থনৈতিক সংকটে ছিল। এখন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
ছাঁটাইয়ের প্রভাব পড়েছে উৎপাদন, ইস্পাত, পেট্রোকেমিক্যাল, পরিবহন, খুচরা ব্যবসা এবং প্রযুক্তি খাতসহ বিভিন্ন সেক্টরে। বিশেষ করে ইন্টারনেট নির্ভর ব্যবসাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে ইন্টারনেট সীমাবদ্ধতা এখন টানা চতুর্থ মাসে প্রবেশ করেছে, যার ফলে অনলাইন সেবা ও ব্যবসা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এই ব্ল্যাকআউটের কারণে প্রতিদিন ইরানে প্রায় ৮ কোটি ডলার ক্ষতি হচ্ছে।
এদিকে, ইরানের একটি ই-কমার্স প্রতিষ্ঠান কামভা, গত মাসে, কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, দুই দফা যুদ্ধ ও দীর্ঘ ইন্টারনেট বন্ধের কারণে আর ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
/এআই