×
Logo

আন্তর্জাতিক

আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:২৫ এএম

আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র কর্তৃক ভারতের শীর্ষ ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহারের পথে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৪ মে) আদানির বিরুদ্ধে থাকা একটি জালিয়াতি মামলার নিষ্পত্তিও হয়েছে। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

গত মাসে আদানির আইনজীবীরা আদালতে দাবি করেন, চলমান মামলার কারণে তিনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে পারছেন না। তবে মামলা প্রত্যাহারের সঙ্গে এই বিনিয়োগ প্রতিশ্রুতির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

২০২৪ সালে ঘুষ ও জালিয়াতিসহ পাঁচটি অভিযোগে আদানির বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করেছিল, মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে একটি ‘বিস্তৃত’ ঘুষ কেলেঙ্কারি পরিচালনা করেছে আদানি গ্রুপ।

এদিকে, আইনি লড়াইয়ের জন্য নতুন আইনজীবী দল নিয়োগ করেছেন আদানি। এই দলের নেতৃত্বে রয়েছেন রবার্ট জে. জিউফ্রা জুনিয়র, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের একজন এবং আইন প্রতিষ্ঠান সালিভান অ্যান্ড ক্রমওয়েলের কো-চেয়ারম্যান।

গত মাসে ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সদর দফতরে জিউফ্রার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১০০টি স্লাইড উপস্থাপন করে দাবি করা হয়, আদানির বিরুদ্ধে মামলার প্রাথমিক প্রমাণ যথেষ্ট নয় এবং এই মামলা পরিচালনার আইনি এখতিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে।

তবে বৈঠকের একটি প্রস্তাব বিশেষভাবে আলোচনায় আসে। সেখানে বলা হয়, আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হলে তিনি যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন এবং ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবেন। এছাড়াও ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে তাদের অবস্থান জানাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এওয়াইএ/এসআর 


Logo