ইউক্রেনে জাতিসংঘের ত্রাণবাহী বহরে রাশিয়ার ড্রোন হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:০০ এএম
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে জাতিসংঘের একটি ত্রাণবাহী গাড়িবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, খেরসন শহরে সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য যাওয়ার সময় হামলার শিকার হয় সংস্থাটির একটি গাড়ি।
জাতিসংঘ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ত্রাণ বিতরণের কাজ চলাকালীন দ্বিতীয় আরেকটি গাড়ি লক্ষ্য করে দ্বিতীয় দফায় ড্রোন হামলা চালানো হয়।
এদিকে, বুধবার (১৩ মে) থেকে ইউক্রেনজুড়ে রাশিয়ার শুরু করা ভয়াবহ আকাশপথের হামলায় গত দুই দিনে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবন রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়ায় এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন।
ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর দাবি, যুদ্ধ শুরুর পর থেকে আকাশপথে এটি অন্যতম ভয়াবহ হামলা। গত ৪৮ ঘণ্টায় রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
/এএ