প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়ার খনি শ্রমিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:৪২ এএম
বলিভিয়ার রাজধানী লা পাজে প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে খনি শ্রমিকদের আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিক্ষোভকারীরা রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভকারীরা প্লাজা মুরিলোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এর জবাবে খনি শ্রমিকরা পুলিশের ওপর শক্তিশালী বিস্ফোরক নিক্ষেপ করে। ফেডারেশন অফ মাইনিং কোঅপারেটিভস-এর নেতৃত্বে হাজার হাজার খনি শ্রমিক এই বিক্ষোভে অংশ নিচ্ছেন।
খনি শ্রমিকদের এই আন্দোলনের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে। তারা খনির কাজে প্রয়োজনীয় বিস্ফোরক ও জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি খনি সংক্রান্ত চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এছাড়া খনিশিল্পে নতুন ও আধুনিক নিয়ম চালুর দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।
বলিভিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এই আন্দোলনকে আরও উসকে দিয়েছে। বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিরোধী পক্ষ এবং সাবেক বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেস বিক্ষোভ উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেছে দেশটির বর্তমান প্রশাসন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
/এএ