×
Logo

আন্তর্জাতিক

ফুটবল বিশ্বকাপ

ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস

ফুটবল বিশ্বকাপের ফাইনালে হাফটাইম শোতে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সুপার বোল স্টাইলের এই বিশেষ হাফটাইম শো অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খবর দ্য গার্ডিয়ান

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, শোটি কিউরেট করছেন কোল্ডপ্লে ব্যান্ডের ভোকালিস্ট ক্রিস মার্টিন। বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম এমন বড় পরিসরের হাফটাইম শো আয়োজন করা হচ্ছে। তবে এটা নিয়ে ম্যাচের বিরতির সময়সীমা নিয়ে কিছু উদ্বেগও দেখা দিয়েছে।

এর আগে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত বছরের মার্চে ঘোষণা করেছিলেন, বিশ্বকাপ ফাইনালে ‘প্রথমবারের মতো হাফটাইম শো’ অনুষ্ঠিত হবে। তবে তখন তিনি কারা পারফর্ম করবেন বা শো কতক্ষণ চলবে, সে বিষয়ে কিছু জানাননি।

তিনি ইনস্টাগ্রাম পোস্টে বলেন, এটি ফিফা বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের উপযোগী একটি শো হবে।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ান তারকা শাকিরা মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে হাফটাইমে পারফর্ম করেন। একই ভেন্যুতে গত বছর অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালেও হাফটাইম শো হয়েছিল, যা নির্ধারিত ১৫ মিনিটের বিরতির সময়সীমা ছাড়িয়ে যায়।

ফিফা সভাপতি জানিয়েছেন, আসন্ন ফিফা বিশ্বকাপ ফাইনাল উইকেন্ডে নিউইয়র্কের টাইমস স্কয়ার ‘টেকওভার’ করার পরিকল্পনাও রয়েছে। এই হাফটাইম আয়োজন ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডকে সমর্থন করবে, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের জন্য ১০ কোটি ডলার সংগ্রহ করা।

/এসআইএন


Logo