নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে ট্রাম্পের সঙ্গে বেইজিংয়ে রুবিও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:১৯ পিএম
চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে প্রেসিডেন্টের সফরসঙ্গী হয়ে বেইজিংয়ে পা রাখলেন— তা নিয়ে চলছে তুমুল আলোচনা। সবচেয়ে মজার বিষয় হলো, তার নামের একটি অংশের চীনা ভার্সনে কিঞ্চিৎ পরিবর্তনই তাকে দেশটিতে প্রবেশের যে নিষেধাজ্ঞা, সেটি উতরে দিয়েছে। এমনকি এটি করেছে চীনা কর্তৃপক্ষই। খবর, দ্য টেলিগ্রাফের।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব পিপল’–এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্পের অন্য সফরসঙ্গীদের সঙ্গে ছিলেন রুবিও। তবে কীভাবে?
মূলত, নিষেধাজ্ঞায় থাকা রুবিওর বেইজিং সফরের পথ খুঁজে বের করেছে চীন নিজেই। এ জন্য দেশটি স্বভাবসুলভভাবে একটি কৌশলী উপায় খুঁজে নিয়েছে। রুবিওর প্রতি বেইজিংয়ের নতুন দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে চীনা ভাষায় তার নাম লেখার পদ্ধতিও বদলে ফেলা হয়েছে। আর এভাবেই নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে প্রবেশ করতে পেরেছেন তিনি।
চীনা ভাষায় ইংরেজি ‘র’ ধ্বনির হুবহু উচ্চারণ না থাকায় বিদেশি নামগুলো তারা নিজেদের ধ্বনিগত নিয়ম অনুযায়ী রূপান্তর করে লেখে। এ কারণেই ‘রুবিও’ নামটি চীনা ভাষায় ‘লুবিয়াও’ হিসেবে লেখা হয়।
রুবিওর প্রেসিডেন্টের সফরসঙ্গী হওয়ায় সম্ভাব্য জটিলতার বিষয়টি আগেই নজরে এসেছিল। গত মার্চে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হতে চাইলে, তার বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা প্রয়োজনে শিথিল করা হবে।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রতিনিধি দলের অন্যতম প্রধান এই সদস্যকে বেইজিংয়ে আসার সুযোগ দিতেই চীন এই অদ্ভুত অথচ কার্যকর ‘স্লিইট অব হ্যান্ড’ বা কৌশলের আশ্রয় নিয়েছে। যাতে তাদের নিষেধাজ্ঞার নীতিও কাগজে-কলমে বজায় থাকে, আবার কূটনৈতিক সম্পর্কেও কোনো বাধা সৃষ্টি না হয়।
২০২০ সালে রুবিও যখন সিনেটরের দায়িত্ব পালন করছিলেন, ওই সময় তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় বেইজিং। নিষেধাজ্ঞার ওই তালিকায় টেড ক্রুজসহ মার্কিন কংগ্রেসের আরও কয়েকজন সদস্যও ছিলেন।
উল্লেখ্য, কিউবান বংশোদ্ভূত আমেরিকান রুবিও সাম্যবাদের কট্টর বিরোধী। চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম উইঘুর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে দেশটির ওপর যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই আইনের মূল রচয়িতা ছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় চীন তার ওপর দুইবার নিষেধাজ্ঞা আরোপ করে।
/এমএইচআর