×
Logo

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের মুখপাত্রের হুঁশিয়ারি

ইরানে আবার হামলা হলে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৪:১৭ পিএম

ইরানে আবার হামলা হলে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে

ইরান আবার হামলার শিকার হলে দেশটি ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, যা পারমাণবিক বোমা তৈরির মাত্রা হিসেবে বিবেচিত হয় বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই। মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের। 

ইব্রাহিম রেজাই পোস্টে লেখেন, আরেকটি হামলার ক্ষেত্রে ইরানের বিকল্পগুলোর একটি হতে পারে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমরা এই বিষয়ে পার্লামেন্টে পর্যালোচনা করব।

মার্কিন প্রেসিডেন্ট সোমবার (১১ মে) বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে রয়েছে, কারণ তিনি ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা কতটা নাজুক অবস্থায় আছে তা স্পষ্ট হয়েছে।

এর আগে গত জুন মাসে ট্রাম্প বলেছিলেন, ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাত বন্ধে পারমাণবিক ইস্যুটি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় প্রধান বিরোধের বিষয় হয়ে উঠেছে। একদিকে তেহরান পারমাণবিক বিষয়গুলোর আলোচনা চায় অপরদিকে ওয়াশিংটন ইরানকে তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের অভ্যন্তরীণ সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে জোর দিচ্ছে। 

/এএন

Logo