×
Logo

আন্তর্জাতিক

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন

যুদ্ধে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালায় আরব আমিরাত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:২৯ পিএম

যুদ্ধে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালায় আরব আমিরাত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে গোপনে অংশ নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে, পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় আমিরাত। তবে আবুধাবি আনুষ্ঠানিকভাবে এ হামলার কথা স্বীকার করেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, হামলার সময়কাল ছিল ঠিক তখনই, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছিল, তা স্পষ্ট করা হয়নি।

সে সময় ইরান জানিয়েছিল, তাদের একটি স্থাপনায় অজ্ঞাত শত্রুপক্ষ হামলা চালিয়েছে। পরে এর জবাবে আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

তবে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, উপসাগরীয় অন্য দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আমিরাতের সম্পৃক্ততাকে ইতিবাচকভাবে দেখেছিল ওয়াশিংটন।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইভাবে কোনো মন্তব্য করেনি পেন্টাগন।

যুদ্ধ চলাকালে ইরান আমিরাতের দিকে লক্ষ্য করে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০-র বেশি ড্রোন ছোঁড়ে বলে দাবি করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ইরানি হামলার শিকার সংযুক্ত আরব আমিরাত।

/এআই 

Logo