নাইরোবির অনুষ্ঠানে ফিসফিস শব্দ, বিরক্ত হয়ে ম্যাকরন বললেন, 'কথা শুনো নাহলে চলে যাও'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:১৩ পিএম
আফ্রিকা মহাদেশে হারানো প্রভাব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে পূর্ব আফ্রিকার তিন দেশ সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সফরের অংশ হিসেবে বর্তমানে তিনি কেনিয়ায় অবস্থান করছেন।
সোমবার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত 'আফ্রিকা ফরওয়ার্ড সামিটে' অংশ নেন তিনি। সেখানে তরুণদের অংশগ্রহণে আয়োজিত ‘আফ্রিকা ফরওয়ার্ড: ক্রিয়েশন ইন মোশন’ শীর্ষক এক আলোচনায় বক্তারা বক্তব্য দেওয়ার সময় দর্শকদের মধ্যে ফিসফিস ও কথাবার্তা বেড়ে যায়।
এতে বক্তাদের বক্তব্য শুনতে সমস্যা তৈরি হলে কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ম্যাকরন। পরে বিরক্ত হয়ে নিজেই মঞ্চে উঠে মাইক্রোফোন নেন।
যদিও তখনও তার বক্তব্য দেওয়ার সময় হয়নি। উপস্থাপক তাকে নির্ধারিত সময়ে বক্তব্য দেওয়ার কথা মনে করিয়ে দিলেও ম্যাকরন দর্শকদের উদ্দেশে বলেন, 'আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলতে থাকেন, তাহলে বক্তাদের কথা শোনা অসম্ভব। এটি সম্মানজনক আচরণ নয়।'
তিনি আরও বলেন, যারা বক্তাদের কথা শুনতে চান তারা হলে থাকুন, আর অন্য কোনো কাজ থাকলে বাইরে চলে যান।
উল্লেখ্য, কেনিয়ায় আয়োজিত এই সম্মেলনে ৩০টির বেশি আফ্রিকান দেশের নেতা, ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
শনিবার মিশর সফরের মধ্য দিয়ে ম্যাকরনের পূর্ব আফ্রিকা সফর শুরু হয়। এই সফরের অংশ হিসেবে তিনি কেনিয়ার পর ইথিওপিয়াও সফর করবেন। বিশ্লেষকদের মতে, পশ্চিম আফ্রিকায় প্রভাব কমে যাওয়ার পর পূর্ব আফ্রিকায় নতুন করে কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে ফ্রান্স।
/এআই