পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ পোস্টে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও নিরাপত্তা সূত্র। শনিবার (৯ মে) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানান, এক আত্মঘাতী হামলাকারী ও কয়েকজন সশস্ত্র ব্যক্তি বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা পোস্টের কাছে বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণের মধ্যেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিস্ফোরণের তীব্রতায় নিরাপত্তা পোস্টটি ধসে পড়ে।
পুলিশ আরও জানায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা।
এদিকে ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট এই হামলার দায় স্বীকার করেছে।
/এএন