আড়ালে থেকেই আহত অবস্থায় ইরানের রণকৌশল সাজাচ্ছেন খামেনি জুনিয়র: সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:২২ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকলেও, দেশটির যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
শনিবার (৯ মে) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা সূত্র জানায়, ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো ভাঙনধরা ও অস্পষ্ট হলেও, মুজতবা খামেনি এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার পেছনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জড়িত থাকতে পারেন। বিশেষ করে যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনে ইরানের অবস্থান নির্ধারণে তার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধের শুরুতে এক ভয়াবহ হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারান এবং মুজতবা খামেনি গুরুতর আহত হন। এরপর থেকেই তিনি আর জনসমক্ষে আসেননি।
মার্কিন গোয়েন্দাদের দাবি, এখন পর্যন্ত তার অবস্থান বা শারীরিক অবস্থা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। কারণ তিনি কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করছেন না। কেবল সরাসরি সাক্ষাৎ বা দূতের মাধ্যমে সীমিত যোগাযোগ রাখছেন।
তবে ইরানি কর্তৃপক্ষ এসব তথ্যের অনেকটাই অস্বীকার করেছে। ইরানের সর্বোচ্চ নেতার দফতরের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি দাবি করেন, খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার আঘাতগুলো দ্রুত সেরে উঠছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, তিনি মুজতবা খামেনির সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। যুদ্ধের পর এটিই সর্বোচ্চ নেতার সঙ্গে কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম প্রকাশিত সাক্ষাৎ বলে মনে করছেন বিশ্লেষকরা।
/এওয়াইএ/এআই