×
Logo

আন্তর্জাতিক

হরমুজে পাল্টাপাল্টি হামলার পরও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বহাল: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:৫৩ এএম

হরমুজে পাল্টাপাল্টি হামলার পরও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বহাল: ট্রাম্প

হরমুজ প্রণালিতে বৃহস্পতিবার গভীর রাতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রথমে কে হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

শুক্রবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডের অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির দিকে যাওয়া একটি ইরানি তেলবাহী ট্যাংকার ও আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি দেশটির কয়েকটি উপকূলীয় এলাকায় বিমান হামলাও চালানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, ইরান আজ আমাদের সাথে ছিনিমিনি খেলেছে।

যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির আরও ইঙ্গিত দিয়ে শুক্রবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে হরমুজ প্রণালিতে বিস্ফোরণের খবর দেয় এবং একে শত্রুর সঙ্গে গোলাগুলির ঘটনা বলে উল্লেখ করে। একই সময়ে তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এর কিছুক্ষণ পর ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপের উপকূলীয় এলাকা লক্ষ্যবস্তু হয়েছে।

তেহরানের দাবি, তারা দ্রুত পাল্টা হামলা চালিয়ে মার্কিন সামরিক জাহাজের উল্লেখযোগ্য ক্ষতি করেছে এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এদিকে ইরানের হামলাকে উসকানিবিহীন বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের বক্তব্য, মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরান একাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট নৌযান ব্যবহার করে হামলা চালায়।

সেন্টকম জানায়, তারা তাদের দিকে আসা হামলা প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর ওপর হামলায় জড়িত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং গোয়েন্দা স্থাপনায় হামলা চালিয়েছে। 

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ছোট নৌযান ধ্বংস করেছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ যেভাবে আমরা তাদের থামিয়েছি, চুক্তি দ্রুত স্বাক্ষর না হলে ভবিষ্যতে আরও কঠোরভাবে জবাব দেওয়া হবে।

এই উত্তেজনা এমন সময়ে দেখা দিল, যখন একদিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব তারা বিবেচনা করছে। এদিকে সর্বশেষ হামলায় ইসরায়েলের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

/এনএ 

Logo