মার্কিন নৌ-অবরোধে এ পর্যন্ত ইরানের ক্ষতি ৪.৮ বিলিয়ন ডলার: অ্যাক্সিওস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:৪৭ পিএম
গত ১৩ এপ্রিল ইরানের তেলবাহী জাহাজের ওপর নৌ-অবরোধ শুরু করে। এখন পর্যন্ত ওমান উপসাগরে মার্কিন নৌ-অবরোধের কারণে ইরান প্রায় ৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেল ও অন্যান্য পণ্যবাহী ৪০টিরও বেশি জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রায় ৩১টি তেলবাহী ট্যাংকার, যেগুলোতে প্রায় ৫ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রয়েছে, বর্তমানে উপসাগর এলাকায় আটকে আছে।
এসব তেলের আনুমানিক মূল্য কমপক্ষে ৪.৮ বিলিয়ন ডলার। এর মধ্যে দুটি জাহাজ ইতোমধ্যে জব্দ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থলভাগে স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়ায় ইরান এখন পুরোনো ট্যাংকারগুলোকে ভাসমান স্টোরেজ হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি কিছু জাহাজ চীনের দিকে তেল পাঠাতে তুলনামূলক দীর্ঘ ও ব্যয়বহুল রুট ব্যবহার করছে, যাতে যুক্তরাষ্ট্রের নজরদারি এড়ানো যায়।
বিশ্লেষকদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ইরান শিগগিরই স্টোরেজ সংকটে পড়তে পারে।
ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক গ্রেগরি ব্রু বলেন, 'ইরান সম্ভবত কয়েক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে স্টোরেজ সংকটে পড়ে যাবে।'
ট্যাংকার ট্র্যাকার সামির মাদানি মনে করেন, পরিস্থিতি আরও খারাপ হলে ইরানি ট্যাংকারগুলো একযোগে রাতে বড় ধরনের পালানোর চেষ্টা করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জোয়েল ভালদেজ বলেছেন, এই অবরোধ ইরান সরকারের অর্থায়নের সক্ষমতায় 'বিধ্বংসী আঘাত' হানছে।
তবে অ্যাক্সিওসের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
/এআই