লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ৮০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করেছে আইডিএফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:২১ পিএম
দক্ষিণ লেবাননে প্রায় ৮০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। রোববার (৩ মে) স্থানীয় সময় দুপুরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইডিএফ জানিয়েছে, ৪০১তম ব্রিগেডের সেনারা ১৪৬তম ডিভিশনের অধীনে অভিযান চালিয়ে ওই সুড়ঙ্গের সন্ধান পায় এবং সেটি ধ্বংস করে। সেনাবাহিনীর দাবি, সুড়ঙ্গটির ভেতরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী (হিজবুল্লাহ) যোদ্ধাদের একাধিক গোপন আশ্রয়স্থল ছিল।
আইডিএফ আরও জানায়, 'ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হুমকি মোকাবিলায় আমরা অভিযান চালিয়ে যাব।'
এদিকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা বিবেচনায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার (৩ মে) দেশটির প্রতিরক্ষা খাতের ক্রয় কমিটি নতুন করে দুটি যুদ্ধবিমান স্কোয়াড্রন কেনার অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে লকহিড মার্টিন থেকে একটি এফ-৩৫আই স্কোয়াড্রন এবং বোয়িং থেকে একটি এফ-১৫আইএ স্কোয়াড্রন।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই যুদ্ধবিমানগুলো সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির মূল ভিত্তি হবে। একই সঙ্গে আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং আকাশে কৌশলগত আধিপত্য ধরে রাখার লক্ষ্যেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সামরিক ও সরকারি সংস্থার সঙ্গে আলোচনা এগিয়ে নিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম নির্দেশ দিয়েছেন।
/এআই