ইসরায়েলি আদালতে আবারও গাজা ফ্লোটিলার দুই কর্মী, আটক বাড়ল ২ দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:৫১ পিএম
গাজামুখী মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ থেকে আটক দুই বিদেশি কর্মীর আটকাদেশ আরও দুই দিন বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত।
রোববার (৩ মে) আদালতের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অধিকার সংগঠন আদালাহ-এর আন্তর্জাতিক অ্যাডভোকেসি সমন্বয়কারী মিরিয়াম আজেম। তিনি বলেন, 'আদালত তাদের আটক দুই দিনের জন্য বাড়িয়েছে'।
এর আগে, ইসরায়েলি কর্তৃপক্ষ চার দিনের জন্য আটক বাড়ানোর আবেদন করেছিল বলেও জানান তিনি।
মূলত, ৫০টির বেশি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলা ফ্রান্স, স্পেন ও ইতালি থেকে যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল দীর্ঘদিনের অবরোধে থাকা গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া।
গত বৃহস্পতিবার গ্রিসের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় বহরটি আটক করে ইসরায়েলি বাহিনী। আইডিএফ-এর দাবি, অভিযানে ১৭৫ জন কর্মীকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে স্পেনের সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো আভিলাকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।
/এআই