×
Logo

আন্তর্জাতিক

ইরানের তেল কেনায় চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা পদক্ষেপের প্রস্তুতি বেইজিংয়ের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:২৮ পিএম

ইরানের তেল কেনায় চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা পদক্ষেপের প্রস্তুতি বেইজিংয়ের

ইরানের তেল কেনার অভিযোগে পাঁচটি চীনা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ঠেকাতে নিষেধাজ্ঞাবিরোধী আদেশ জারি করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। 

শুক্রবার (২ মে) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।  

চীনা মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো: হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি এবং ‘টিপট’ রিফাইনারি শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল ও শানডং শেংসিং কেমিক্যাল।

গত এপ্রিলে, মার্কিন ট্রেজারি বিভাগ হেংলি পেট্রোকেমিক্যালের ওপর নিষেধাজ্ঞা দেয়। ওয়াশিংটনের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইরান থেকে বিলিয়ন ডলারের তেল কিনেছে। এছাড়া ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন বাকি চারটি রিফাইনারির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, মার্কিন এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার লঙ্ঘন।

এ কারণে দেশটির মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে— উল্লিখিত পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা চীন স্বীকৃতি দেবে না, বাস্তবায়নও করবে না।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব রিফাইনারি অপরিশোধিত তেল সংগ্রহে জটিলতা এবং ভিন্ন নামে পরিশোধিত পণ্য বিক্রির মতো সমস্যার মুখে পড়েছে।

চীনের মোট পরিশোধন সক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ পরিচালনা করে এসব ‘টিপট’ রিফাইনারি। 

/এআই 

Logo