×
Logo

আন্তর্জাতিক

ইরান

অবিস্ফোরিত বোমা সরাতে গিয়ে প্রাণ হারালেন আইআরজিসির ১৪ সদস্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:০২ পিএম

অবিস্ফোরিত বোমা সরাতে গিয়ে প্রাণ হারালেন আইআরজিসির ১৪ সদস্য

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণের সময় এক ভয়াবহ বিস্ফোরণে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি’র একটি বিশেষায়িত ইউনিট ওই এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র শনাক্ত ও তা নিষ্ক্রিয় করার কাজ করছিল। উদ্ধার অভিযান চলাকালে দুর্ঘটনাবশত একটি শক্তিশালী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বিপুল পরিমাণ অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র রয়ে যাওয়ায় প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষি জমি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকাজ পুনরায় চালু করার লক্ষ্যেই আইআরজিসি এই বিশেষ অভিযান পরিচালনা করছিল।

আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উল্লেখ্য, ইরানের বিভিন্ন অঞ্চলে অতীতে ঘটে যাওয়া সংঘাত বা সামরিক মহড়া থেকে রয়ে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ মাঝেমধ্যেই প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে জানজান ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কৃষিজমি ও চারণভূমি পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

/এমএইচআর

Logo