দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে তাদের স্মরণে নানা কর্মসূচি, পরিবারকে সহায়তা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম এক বার্তায় জানান, এই শোক শুধু নিহতদের পরিবারের নয়, পুরো বিশ্ববিদ্যালয় কমিউনিটির। একজন অভিভাবক ও সাবেক আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে পরিবারের কষ্টের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, আমি জানি, পরিবারের থেকে দূরে থাকার অর্থ কী, কীভাবে সামান্য নীরবতাও দুশ্চিন্তার কারণ হতে পারে। লিমন ও বৃষ্টির পরিবার যে গভীর বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে, তা সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়।
নিহতদের স্মরণে শুক্রবার (১ মে) বিকেল ৪টায় ক্যাম্পাসের মার্শাল স্টুডেন্ট সেন্টারের উত্তরে ক্রিসেন্ট হিলে এক শোকসভা আয়োজন করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার ইউএসএফের ক্রীড়া ইভেন্টগুলোতে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং সফটবল ও বেসবল ম্যাচের আগে ভিডিও বোর্ডে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
আগামী সপ্তাহের সমাবর্তন অনুষ্ঠানেও জামিল ও বৃষ্টিকে স্মরণ করা হবে। পাশাপাশি, ক্যাম্পাসে প্রয়াত শিক্ষার্থীদের স্মারকে তাদের নাম যুক্ত করা হবে এবং বার্ষিক স্মরণানুষ্ঠানেও তাদের স্বীকৃতি দেওয়া হবে।
নিহতদের পরিবারের পাশে দাড়াতে একটি তহবিল গঠন করা হয়েছে। তহবিলের লিংক:
একইসঙ্গে নিহতদের ঘনিষ্ঠদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের প্রতিনিধিদের সঙ্গেও কাজ করছে।এদিকে, হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য বর্তমানে কোনো নিরাপত্তা হুমকি নেই। ঘটনার তদন্ত চলছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
একইসঙ্গে অফ-ক্যাম্পাস আবাসনের নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইউএসএফ। যদিও এসব আবাসন বিশ্ববিদ্যালয়ের সরাসরি নিয়ন্ত্রণে নয়, তবুও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য ও স্বচ্ছতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মানসিক সহায়তা দিতে ২৪/৭ কাউন্সেলিং সেবা চালু রয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে, যুক্তরাষ্ট্রে ১৭ এপ্রিল নিখোঁজ হন জামিল ও বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন জামিল। অন্যদিকে বৃষ্টি পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।
/এসআইএন