×
Logo

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

তৃণমূলের টানা চার নাকি বিজেপির প্রথমবার বঙ্গজয়, কী বলছে বুথফেরত সমীক্ষা?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

তৃণমূলের টানা চার নাকি বিজেপির প্রথমবার বঙ্গজয়, কী বলছে বুথফেরত সমীক্ষা?

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে বুথফেরত সমীক্ষাগুলোর বেশিরভাগই এগিয়ে রাখছে বিজেপিকে। তবে অনেকের মতে, নির্বাচনে জিতে ফের সরকার গঠন পারে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)।

বুধবার (২৯ এপ্রিল) শেষ হয় এবারের নির্বাচনে দ্বিতীয় দফার ভোট। রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটার এবার ভোট দেন।

ইতোমধ্যেই বিভিন্ন সংস্থা তাদের স্ব স্ব জরিপে ভোটের সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে। ম্যাট্রিজের সমীক্ষা বলছে— বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন। টিএমসির সম্ভাব্য আসন ১২৫ থেকে ১৪০। অন্য দলগুলোর রয়েছে ৬ থেকে ১০টি আসন পাওয়ার সম্ভাবনা।

চাণক্য স্ট্র্যাটেজির জরিপে আরও এগিয়ে বিজেপি। তারা বলছে— ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে দলটি। আর তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন।

পি-মার্কও এগিয়ে রেখেছে বিজেপিকেই। তবে পিপলস পালস-এর সমীক্ষায় এগিয়ে মমতার দল। তারা বলছে, তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা ১৭৭ থেকে ১৮৭। অন্যদিকে, বিজেপি ৯৫ থেকে ১১০টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 

অন্যদিকে রয়েছে জনমত পোলস, যাদের তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। 

সংস্থাটি মমতা নেতৃত্বাধীন দলের জন্য ১৯৫ থেকে ২০৫টি আসন এবং বিজেপির জন্য ৮০-৯০টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে, যা ২০২১ সালের নির্বাচনে উভয় দলের পাওয়া আসনের সংখ্যার খুব কাছাকাছি।

তবে একটি বিষয়ে সব সংস্থাই একমত, কংগ্রেস এবং বাম দলগুলো আবারও শোচনীয় ফল করতে চলেছে। অধিকাংশই ভবিষ্যদ্বাণী করেছে যে, উভয় দলই তাদের খাতা খুলতে পারবে না এবং এই দলগুলোর জন্য সবচেয়ে ভালো পরিসংখ্যান দিয়েছে পোল ডায়েরি, যা কংগ্রেসকে ৩-৫টি এবং বামদের ২-৩টি আসন দিয়েছে।

তবে ভারতের নির্বাচনী অভিজ্ঞতা বলছে, সবসময় বাস্তব ফলাফলের সাথে মেলে না বুথফেরত এসব সমীক্ষা। আগামী ৪ মে প্রকাশিত হবে এবারের ভোটের ফল।

সবশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১৩ আসন, বিজেপি থেমেছিল ৭৭-এ।

/এমএইচআর

Logo