ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে লেবানন: ইউসেফ রাগি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ পিএম
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাগি জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতি অর্জন এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্যে লেবানন ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কির সঙ্গে ফোনালাপে তিনি এ কথা জানান। খবর আল জাজিরার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা লেবাননের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
এ সময় পোল্যান্ড লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পরিবর্তন বা লেবাননের কোনো ভূখণ্ড দখলের যেকোনো প্রচেষ্টার কড়া বিরোধিতা করেছে।
গত ২ মার্চ যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের ঘোষণায় লেবানন-ইসরায়েলের নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়, যদিও এতে হিজবুল্লাহ অংশ নেয়নি।
এদিকে হিজবুল্লাহ প্রধান গতকাল ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এতে অস্থিতিশীলতা তৈরি হবে।
/এনএ