×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ঘিরে ঝুঁকি বাড়লেও মার্চে চীনের শিল্প খাতে মুনাফা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

ইরান যুদ্ধ ঘিরে ঝুঁকি বাড়লেও মার্চে চীনের শিল্প খাতে মুনাফা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: রয়টার্স

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে ঝুঁকি বাড়লেও মার্চে চীনের শিল্প খাতে মুনাফা বৃদ্ধির গতি ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির শিল্পখাতে ব্যাপক মুনাফা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে চীনের রফতানি খাত কিছুটা দুর্বল ছিল। একই সঙ্গে খুচরা বিক্রি ও শিল্প উৎপাদনের গতিও কমেছে। 

আইএনজির গ্রেটার চায়না অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ লিন সং বলেন, এখন পর্যন্ত প্রকাশিত তথ্য-উপাত্তে ইরান যুদ্ধের প্রভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি। এই সংঘাত দেশের ভেতরে ও বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির ঝুঁকি বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ট্রাম্প প্রশাসন শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি তেল কেনার অভিযোগে চীনের টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়। 

অভিযোগ রয়েছে, চীনের হেংগলি পেট্রোকেমিক্যাল (দালিয়ান) রিফাইনারিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে কোটি কোটি ডলারের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কিনেছে।

এছাড়া অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) আরও প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যেগুলো ইরানের 'শ্যাডো ফ্লিট'-এর অংশ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করা হয়েছে।

তবে চীন এই পদক্ষেপের বিরোধিতা করে বলেছে, যুক্তরাষ্ট্রের 'অবৈধ একতরফা নিষেধাজ্ঞা' আন্তর্জাতিক বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে বাণিজ্য ইস্যু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।

এর আগে, গত বছরও যুক্তরাষ্ট্র হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শোগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংসিং কেমিক্যালসহ একাধিক টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

/এআই 

Logo