×
Logo

আন্তর্জাতিক

উইন্ড ফার্ম প্রজেক্টে ইউরোপের ৯ দেশের সঙ্গে যুক্ত হচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

উইন্ড ফার্ম প্রজেক্টে ইউরোপের ৯ দেশের সঙ্গে যুক্ত হচ্ছে যুক্তরাজ্য

নরওয়ে, জার্মানি ও নেদারল্যান্ডসসহ ইউরোপের আটটি দেশের সঙ্গে নর্থ সি'তে উইন্ড ফার্ম নির্মাণে সম্মত হয়েছে ব্রিটেন। এই প্রকল্পের আওতায় প্রথমবারের মতো একাধিক দেশকে সংযুক্ত করে সমুদ্রের নিচ দিয়ে বিশেষ কেবল ইন্টারকানেক্টর স্থাপন করা হবে। সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

ব্রিটিশ সরকারের দাবি, এই ব্যবস্থার ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে। একই সঙ্গে অঞ্চলজুড়ে বিদ্যুতের দাম কমার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা।

তবে প্রকল্পটি নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, উইন্ড ফার্ম অপারেটররা সর্বোচ্চ দামে বিদ্যুৎ বিক্রির সুযোগ পেলে সরবরাহ সংকটে বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে।

বর্তমানে যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের বিদ্যুৎ গ্রিড যুক্ত রয়েছে ১০টি সমুদ্রতল কেবলের মাধ্যমে। ন্যাশনাল গ্রিডের তথ্যমতে, এসব সংযোগের কারণে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ব্রিটিশ ভোক্তারা প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে সক্ষম হয়েছেন।

তবে নরওয়ের মতো কিছু দেশে আশঙ্কা রয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ রফতানির ফলে দেশীয় বাজারে সরবরাহ কমে যেতে পারে। সে কারণে দেশটি ইতোমধ্যে বিদ্যুৎ রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং স্কটল্যান্ডের সঙ্গে নতুন ইন্টারকানেক্টরের অনুমতি দেয়নি।

২০৫০ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে অংশগ্রহণকারী দেশগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ইউরোপের জ্বালানি চাহিদায় বড় পরিবর্তন আনতে পারে।

/এআই

Logo